জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, জাতীয় পার্টি (জাপা) বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, বরং ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। তিনি দাবি করেন, জাপার কারণে পুলিশ ও সেনাবাহিনীর একটি অংশ গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সাতক্ষীরা জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগ যেমন বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, তেমনি জাতীয় পার্টিও বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে না। তারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। এ কারণেই তাদের মদদে নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে।”
তিনি জোর দিয়ে বলেন, যেসব মহল এই হামলার নির্দেশ দিয়েছে এবং পরিকল্পনায় জড়িত ছিল, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় গণতন্ত্রকামী শক্তি একত্র হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এ সময় তিনি আরও বলেন, দেশের জনগণ এখন সংস্কার ও নতুন সংবিধানের দাবি তুলেছে। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে যেসব সদস্য রাজনৈতিক দোসর হয়ে কাজ করছে, তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তা না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলু। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সংগঠকরা বক্তব্য দেন।
সরোয়ার তুষার আহ্বান জানান, জাতীয় পার্টির মতো বাহন-রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের মাটিতে ভারতের এজেন্ট কোনো রাজনীতি করতে পারবে না, এই দেশের রাজনীতি হবে জনগণের জন্য, জনগণের হাতে।”