বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে মুক্ত হতে হবে।
তারেক রহমান বলেন,
“আমরা বর্তমানে এক স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ জাতীয় নির্বাচন। আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে, আজ যা ঘটেছে তেমন অস্থিতিশীলতার ঘটনা আর যেন না ছড়ায় এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত না হয়।”
তিনি আরও বলেন, বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থি শক্তিগুলোর সংযম ও সহনশীলতা বজায় রাখা জরুরি। গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা অবশ্যই জয়ী হতে হবে। দেশকে অবিলম্বে বেআইনি মবের শাসন এবং অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।
তারেক রহমান বলেন,
“যদি আমরা বাংলাদেশের অগ্রগতি চাই, তাহলে মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতাবান করে, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হওয়া সম্ভব।”
বিবৃতিতে তিনি নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনার আইনানুগ তদন্ত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন। তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।