রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন নুরের খোঁজখবর নেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতের সংঘর্ষে নুর গুরুতর আহত হলে প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার সকালে তার মাথার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, নুরের মাথা ও নাকে গুরুতর আঘাত রয়েছে, তবে জ্ঞান ফিরেছে। তবুও অন্তত ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা স্থিতিশীল বলা সম্ভব নয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এতে নিউরোসার্জারি, চক্ষু, এনেস্থেসিয়া ও নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা অন্তর্ভুক্ত আছেন। শনিবারই বোর্ড বৈঠকে বসে নুরের চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করবে।
এদিকে, নুরের ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময় অতিক্রম করছে, তাই সকল রাজনৈতিক শক্তিকে সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে।
বর্তমানে নুর আইসিইউতে চিকিৎসাধীন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন।