রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লেখেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময় অতিক্রম করছে। জাতীয় নির্বাচন তার প্রথম পদক্ষেপ, তাই এ ধরনের সহিংসতা যেন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন।
তারেক রহমান আরও লেখেন, গণতন্ত্রকামী সব রাজনৈতিক পক্ষ, বিএনপি ও এর সহযোগী দলগুলোকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে হবে এবং দেশকে মব কালচার ও অস্থিরতা থেকে মুক্ত করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মব কালচারের বিরুদ্ধে সরব থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং শান্তিপূর্ণ, স্থিতিশীল রাষ্ট্র গড়তে হবে। কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা সফল হতে পারি।”
পোস্টের শেষে নুরুল হক নুরের সুস্থতা কামনা করে তিনি ঘটনার আইনানুগ তদন্ত নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।