গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে তিনি এ নিন্দা জানান।
স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেন, “ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরও উল্লেখ করেন, নুরুল হক নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা। রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ এবং সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে, দেশে গণতন্ত্রের সংস্কারের অনেক পথ বাকি আছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
নুরের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক মহল ও ছাত্র সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ কর্মসূচির অধিকার এখন মারাত্মকভাবে হুমকির মুখে।
আবু সাদিক কায়েম তার বার্তায় নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।