গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে তিনি আহত হন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ফের গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ঢাকা মেইলের প্রতিবেদক জানান, একদিকে ভিপি নুরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ে সামনে অবস্থান করেছিলেন নুর। এসময় গণঅধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান।
সেনাবাহিনী এবং পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। তাদের ফাঁকে পড়ে নুর আহত হন।
গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।