বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার আমূল সংস্কার ঘটানো হবে এবং শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন,
“শিক্ষাকে যুগোপযোগী করতে এবং বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপি নতুন শিক্ষানীতি প্রণয়ন করবে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করা হবে।”
তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আরও বলেন,
“গত ১৫ বছর ধরে দল-মত নির্বিশেষে মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের প্রতিক্রিয়ায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই ছাত্র-জনতা রক্ত দিয়েছে, শিশুদের জীবন উৎসর্গ করতে হয়েছে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি। আজ আমরা সেই শহীদ ছাত্র-জনতা ও শিশুদের স্মরণ করছি।”
সভা শুরুর আগে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে শামা ওবায়েদকে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর।