জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন।
তিনি অভিযোগ করেছেন, বর্তমান কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে এবং ইসিকে দলকানা পার্টি অফিসে পরিণত করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, সীমানা নির্ধারণ শুনানিকালে এনসিপি নেতা আতাউল্লাহসহ কয়েকজনের ওপর হামলার ঘটনা প্রমাণ করেছে যে আগামী জাতীয় নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হতে পারে।
তার অভিযোগ, বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র দখলের মহড়া বলে উল্লেখ করেন।
হাসনাত আরও বলেন, নির্বাচন কমিশন যদি পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা না পালন করে তবে এনসিপি ইসি পুনর্গঠনের দাবি তুলবে। তিনি সতর্ক করে বলেন, ইসি যদি অন্য কারও রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় তবে এর পরিণতি নূরুল হুদা কমিশনের মতোই হবে। বাংলাদেশের মানুষ কোনো সাজানো বা মঞ্চস্থ নির্বাচনের দিকে আর ফিরে যেতে চায় না।
অন্যদিকে এনসিপি নেতা আতাউল্লাহ দাবি করেছেন, তাকে ইসির ভেতরেই রুমিন ফারহানা ধাক্কা দেন এবং তার অনুসারীরা লাথি-ঘুষি মেরে নির্মমভাবে আহত করে। তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান এবং রুমিন ফারহারার দৃষ্টান্তমূলক শাস্তি চান। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন তিনি।
অভিযোগের জবাবে রুমিন ফারহানা বলেন, এনসিপির ওই নেতা প্রথমে তাকে ধাক্কা দিয়েছেন। পরে তার অনুসারীরা প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি অভিযোগ করেন, উল্টো তার লোকজনকেই মারধর করা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহর মতে, বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য ইসিকে অবশ্যই দল নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। অন্যথায় জনগণের আস্থা আরও কমে যাবে এবং রাজনৈতিক সংকট গভীর হবে।