সংস্কারের নিশ্চয়তা ছাড়া জাতীয় নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”
রোববার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়া আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করে বলেন, “আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে মনে করি না। নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনো পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি—সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।”
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পেছানো কিংবা আসন সমঝোতা নিয়ে যেসব কথা বলা হচ্ছে, এগুলো নিছক প্রোপাগান্ডা। আমাদের কাছে নির্বাচনের সফলতার চেয়ে সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বিপ্লবের পর জনগণের কাছে আমরা যেন বলতে পারি—দেশের পরিবর্তন আমরা এনেছি, কিংবা জুলাইয়ের ফলেই এই পরিবর্তন এসেছে। তাই সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাববো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।