বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীই একমাত্র দল, যেটি শতভাগ লুটপাটমুক্ত, মাদকমুক্ত এবং চাঁদাবাজিমুক্ত দল হিসেবে জনগণের কাছে পরিচিতি পেয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মোবারক হোসাইন বলেন, “বাংলাদেশকে যদি চাঁদাবাজিমুক্ত করতে হয়, মাদকমুক্ত করতে হয়, তাহলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আজ সারা দেশের মানুষ অকপটে স্বীকার করবে, একমাত্র দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল হলো জামায়াতে ইসলামী।”
তিনি আরও দাবি করেন, এদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি স্পষ্ট করে বলতে পারবে না যে তারা শতভাগ লুটপাটমুক্ত, কিন্তু জামায়াত সেই জায়গায় দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, “জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কেউ লুটপাট, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচারের প্রমাণ দেখাতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে পারি—বাংলাদেশে যদি দুর্নীতিমুক্ত কোনো দল থাকে তবে সেটি জামায়াতে ইসলামী।”
সমাবেশে সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আইয়ুব আলী এবং পরিচালনা করেন মাওলানা গোলাম হাক্কানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস
চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা মোবাশ্বেরুল হক সরকার।
সমাবেশে বক্তারা দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতকে শক্তিশালী করার আহ্বান জানান।