রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মালয়েশিয়া সফরকালে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শনিবার অনুষ্ঠিত সেই সভার বক্তব্য আজ রোববার এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে, কিন্তু গণ-অভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব।” তিনি আরও উল্লেখ করেন, এবারের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অন্য সব আন্দোলন থেকে ভিন্ন। এর মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, তরুণদের উত্থান ঘটেছে।
তিনি বলেন, “গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে, তবে কিছু জায়গায় বাধাগ্রস্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে—দেশ কি প্রকৃত সংস্কারের পথে যাবে, নাকি সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোবে? আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা নতুন সংবিধান চাই, প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।”
নাহিদ ইসলামের তিন দিনের মালয়েশিয়া সফরের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার। আজ রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী মঙ্গলবার তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। জানা গেছে, এ সফরে তাঁর সঙ্গে এনসিপির সাতজন শীর্ষ নেতা সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।