বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করতে হলে সম্মান ও সেবাকে অগ্রাধিকার দিতে হয়। ব্যক্তিস্বার্থে কিংবা পকেট ভরার জন্য রাজনীতি করা যাবে না। কেউ যদি এভাবে রাজনীতি করতে চান, তবে বিএনপি থেকে তাদের বিদায় নিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার খুবই কঠোর অবস্থানে আছেন।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ্যানি এ কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই সম্মেলনে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ্যানি বলেন, “তারেক রহমান আগামী নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করেছেন। আমরা তার অপেক্ষায় আছি। নভেম্বরের মধ্যেই তাকে দেশে দেখতে পারব ইনশাআল্লাহ।” তিনি জানান, তারেক রহমান দেশে ফেরার আগে দুর্নীতি দমন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করছেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় বিএনপি নেতারা।
এ্যানি তার বক্তব্যে আরও বলেন, বিএনপি জনগণের দল, তাই দলের প্রতিটি নেতাকর্মীকে ত্যাগের মানসিকতা নিয়ে এগোতে হবে। জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়।