বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ইতিহাসের সব দুর্যোগেই পালিয়েছে। “একাত্তরে আওয়ামী লীগ পালিয়েছে, পঁচাত্তরেও পালিয়েছিল, এবারও পালিয়েছে। আওয়ামী লীগ সব সময়ই পালায়।” শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামালপুর শহরের বেলটিয়া এলাকায় আয়োজিত সম্মেলনে টুকু বলেন, দেশের প্রতিটি সংকটে হাজির ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। “একাত্তরে পাকিস্তান সেনারা যখন আক্রমণ চালায়, ২৬ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে তারা হামলা করে। তখন আমিও তরুণ বয়সে অস্ত্র হাতে লড়েছি।” তিনি দাবি করেন, জিয়াউর রহমানই প্রকৃত মুক্তিযোদ্ধা নেতা, আওয়ামী লীগ তখন পালিয়ে গিয়েছিল।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবার লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে। “শেখ হাসিনা নিজেই বলেছেন তার পিয়ন চারশ কোটি টাকার মালিক। পিয়ন যদি এত সম্পদের মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক?”
সোহেল অভিযোগ করেন, শেখ হাসিনা এখন ভারতে বসে লুট করা টাকা খরচ করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বিক্রি করে কেউ যেন ব্যক্তিস্বার্থে জড়িয়ে না পড়ে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।