বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন—বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে, আর আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই বহুল প্রত্যাশার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্টভাবে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, এখন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন—“তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসঙ্গে বসি, কার কী দাবি শুনি।”
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তীব্র আক্রমণ করে বিএনপির এ নেতা বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ-তেই গণতন্ত্র নেই। শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদরাজ্য ও কারাগারে পরিণত করেছে। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।”
নির্বাচনী মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে। এবার ভোটের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।”
আগামী নির্বাচনকে নজিরবিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে।
চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন।