ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অঙ্গীকার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আসন্ন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সবচেয়ে বড় সমস্যা, অর্থাৎ আবাসন সংকট সমাধানকেই তারা করেছে মূল প্রতিশ্রুতি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। বাইরে মেস বা হোস্টেলে থাকার খরচ তাদের জন্য ক্রমেই অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাধ্য হয়ে একসঙ্গে চার-পাঁচটি টিউশন করতে যায়, ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো সময় হাতে থাকে না।
তিনি অভিযোগ করে বলেন, এই কারণে বহু শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে আসে এবং তারা ভালো চাকরির প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে। ছাত্রদল এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিক্ষার্থী মাথার ওপর একটি ছাউনি ও পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত পাবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বড় বড় ভবনের প্রয়োজন নেই, সামর্থ্য না থাকলে টিনের চালা দিয়েও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করবে ছাত্রদল।
আবিদুল ইসলাম খান আরও জানান, খুব শিগগিরই ঘোষিত পূর্ণাঙ্গ ইশতেহারে আবাসন সমস্যার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বিভিন্ন পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এ সময় জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ ছাত্রদলের প্যানেলের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।