ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ইসলামী আন্দোলনের ফয়জুল করীমের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে অনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই। কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নির্বাচনের আগেই নিশ্চিত করতে হবে। সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার পরও জাতীয় নির্বাচন ঘোষণায় জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। “কিন্তু দায়িত্বশীল মহল কেনো এ দাবিকে গুরুত্ব দিচ্ছে না, সেটিই জনমনে নতুন প্রশ্ন তৈরি করছে,”—যোগ করেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, যদি সংস্কার না হয়, তবে জুলাই অভ্যুত্থানের কোনো প্রয়োজন ছিল না। তারা দাবি করেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং এই পদ্ধতি কার্যকর হলেই কেবল লুটপাট, চাঁদাবাজি ও অনিয়মের অবসান ঘটবে।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভে তারা পিআর পদ্ধতির দ্রুত বাস্তবায়ন, আইনের শাসন নিশ্চিতকরণ ও জুলাই সনদের যথাযথ প্রয়োগের দাবি জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের এ হুঁশিয়ারি আসন্ন নির্বাচনের প্রক্রিয়ায় নতুন চাপ সৃষ্টি করবে। বিশেষ করে পিআর পদ্ধতির দাবিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে আবারও উত্তাপ বাড়তে পারে।