ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারাদেশেই আইনবহির্ভূতভাবে মব করা হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন,
“অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। জাতি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত।”
প্রসঙ্গত, গত রবিবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের এক নেত্রীকে মনোনয়ন ফরম তুলতে বাধা দেওয়া হয়। একই সঙ্গে মব তৈরি করে আটকে রাখা হয় বলেও ছাত্রদল অভিযোগ করেছে। এ ঘটনায় ছাত্রদল বলছে, ক্ষমতাসীনদের আশ্রয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পরিকল্পিত অপচেষ্টা চালানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য হুমকি।