বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, যারা কালো টাকা ও পেশীশক্তি দেখাতে পারবে না তারাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই মহল নির্বাচনকে অর্থ ও প্রভাবের খেলায় পরিণত করেছে। ফলে যোগ্য প্রার্থী নয়, বরং টাকার জোরে ও বাহুবলীদের ছত্রছায়ায় দাঁড়িয়ে থাকা প্রার্থীরাই বিজয়ী হয়।
রোববার (১৭ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় গোলাম পরওয়ার বলেন, “দেশের জনগণ সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু যারা কালো টাকার পাহাড় গড়ে তুলেছে, যারা বাহুবল ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করে— তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। কারণ এ ব্যবস্থায় জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে, আর তাদের ক্ষমতার দাপট ভেঙে যাবে।”
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি চালু হলে সংসদে ছোট ও নতুন দলগুলোও আসন পাবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। শুধু তাই নয়, এ ব্যবস্থায় ভোট ডাকাতি, কেন্দ্র দখল বা রাতের অন্ধকারে ব্যালট ভর্তি করার সুযোগ আর থাকবে না। “এ কারণেই জনগণের দাবি— সংস্কার ও পিআর ছাড়া কোনো নির্বাচন নয়,” মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রক্ত দিয়ে অর্জিত গণতন্ত্রকে আর কেউ নস্যাৎ করতে পারবে না। পিআর ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের রাজনীতিতে কালো টাকা ও পেশীশক্তির আধিপত্য ভাঙতে হবে।