জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ওই অডিওটি প্রকাশ করেন। এতে স্পষ্ট শোনা যায়, ইনু শেখ হাসিনাকে বলছেন,
“এই সুযোগে জামায়াত-শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেই থেকে একের পর এক তার বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনালাপ প্রকাশ্যে আসছে।
অডিওটিতে ইনু শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন,
“আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।”
এর জবাবে শেখ হাসিনা সম্মত হয়ে বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”
পরে ইনু ইন্টারনেট চালুর পরামর্শ দিয়ে বলেন, “ইন্টারনেট চালু করতে বলেন। এটা আমাদেরই কাজে লাগবে। কারণ, আমরাও সমস্যায় পড়ছি। যদি ইন্টারনেট থাকে, তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।”
জবাবে শেখ হাসিনা বলেন, “কীভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। ইন্টারনেট আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।”
তখন ইনু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “বাংলাদেশে আর অন্য সরকার আসবে না।”
তিনি আরও যোগ করেন,
“জামায়াত-শিবির আবারও এক্সপোজড হইছে। এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন।”
শেখ হাসিনা এতে সায় দেন এবং শিবিরের তালিকা তৈরি করে ধরার প্রস্তাবে সম্মত হন।
অডিওতে ইনু বারবার প্রশংসা করে বলেন, “এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সবগুলোই ঠিক আছে।”
এর আগে গণঅভ্যুত্থান চলাকালীন শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছরের মধ্যে শেখ হাসিনার হাফ ডজনেরও বেশি ফোনালাপ প্রকাশ্যে এসেছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।