জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। রোববার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিওটি প্রকাশ করেন।
অডিওতে শোনা যায়, হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন, “এই সুযোগে জামায়াত-শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন।” এ সময় তিনি হাসিনাকে আরও বলেন, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে। আপনি অ্যারেস্ট করতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না।”
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই একের পর এক ফাঁস হচ্ছে তার ফোনালাপ।
অডিওতে শেখ হাসিনা ইনুর বক্তব্যে সায় দিয়ে বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।” কথোপকথনের এক পর্যায়ে ইনু ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে বলেন, “ইন্টারনেট থাকলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করা যাবে।” তবে হাসিনা জবাবে বলেন, “ইন্টারনেট আমি আর চালু করতে পারব না, অন্য সরকার এলে চালু করবে।”
ইনু আরও বলেন, “বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। জামায়াত-শিবির আবারও এক্সপোজড হয়েছে, এখনই তাদের তালিকা করে সবাইকে ধরে ফেলুন।”
এর আগে শেখ হাসিনার একাধিক অডিও কল ফাঁস হয়েছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে তার ফোনালাপ প্রকাশ্যে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে অন্তত অর্ধডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে বলে জানা গেছে।
এই সাম্প্রতিক অডিও ফাঁস আবারও রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। অনেকে বলছেন, এসব ফোনালাপে তৎকালীন সরকারের পরিকল্পনা ও অবস্থান স্পষ্ট হয়ে উঠছে।