কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনাকে কখনো এক করে দেখা যাবে না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকেও শেখ হাসিনার সঙ্গে মেলানো যাবে না। তিনি বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবেন।”
শনিবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়নি, বাংলাদেশের স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে। এর বিচার চাই। যারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে তাদেরও মনে রাখা উচিত, তাদের বাড়িঘর ও কবর আছে।”
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “যদি বঙ্গবন্ধু জাতির পিতা না হন, তবে আপনার পিতা কে? পিতা অস্বীকার করলে সে সন্তান সম্মানী হয় না, কুলাঙ্গার হয়।”
তিনি শেখ হাসিনার পতন প্রসঙ্গে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন আমি সমর্থন করি। শেখ হাসিনার পতন আল্লাহর ইচ্ছায় হয়েছে, জনগণ রাস্তায় নামায় হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অন্যায় হলে আমি জীবিত থাকতে তা মেনে নেব না। আইন অনুযায়ী বিচার হোক।”
অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় আপনি দেখেছেন। আমি না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক টিকতো না। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি আরও ভয়াবহ হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের অবমাননা করলে তা সহ্য করা হবে না। “মুক্তিযোদ্ধাদের গলায় যদি জুতার মালা পরানো হয়, আমি তাদের গলায় ফুলের মালা পরাবো ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।