বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনার ডুমুরিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদেশি প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে আলেম-ওলামাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, তবে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে তাদের পতন হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, আগস্ট বিপ্লবকে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে ইসলামী শক্তির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা অবাধ ভোটাধিকার নিশ্চিত হলে বিজয়ে পরিণত হবে। তিনি দাবি করেন, জুলাই ঘোষণায় রাষ্ট্র সংস্কারের মূল আকাঙ্ক্ষা উপেক্ষা করা হয়েছে এবং ৬টি কমিশন গঠন, ১৯ দফা ঐকমত্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। এতে হাজার হাজার মানুষের আত্মত্যাগ ও জুলাই চেতনা ক্ষুণ্ন হয়েছে।
তিনি আহ্বান জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন করে আইনি ভিত্তি দিতে হবে, নইলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ব্যর্থ হবে। এ জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে খুলনা জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।