জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, সন্ত্রাসী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, “ভারত রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন—তারা যে আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে, এটি আন্তর্জাতিক আইনে বৈধ কি না? সে উত্তর তাদের দিতে হবে।”
সোমবার (১১ আগস্ট) দুপুরে পটুয়াখালী শহরের মল্লিকা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ড. মাসুদ বলেন, “আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে বাংলাদেশে অফিস খুলতে পারবে না, তাই তারা তাদের আসল দেশে অফিস খুলেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই, কারণ এটি প্রমাণ করেছে তাদের আর বাংলাদেশে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নবজাতকের মতো সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের জন্য দরকার নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, এবার নির্বাচনে ঈদের আনন্দ হবে, আমরা সেই আনন্দের অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, জাতীয় সরকারের মূল রূপরেখায় পিআর (Proportional Representation) পদ্ধতি থাকা উচিত, যাতে বড়, মাঝারি ও ছোট সব রাজনৈতিক দল জনগণের ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব পায়। এতে জোর করে ক্ষমতায় আসার সুযোগ থাকবে না এবং ভোটাররা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।
ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া আরেকটি নির্বাচন হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি। প্রশাসনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে তোষামোদকারী কর্মকর্তাদের প্রাধান্য প্রমাণ করছে যে, তারা ভালো নির্বাচন চান না বা করতে পারবেন না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।