গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করার সুযোগ নেই। ১৯৭২ সালের আগে তিনি ছিলেন সংগ্রামী নেতা, যার নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়।
তবে সময়ের আবর্তে অনেক নায়ক ভিলেনে পরিণত হন, শেখ মুজিবও সেই তালিকায় আছেন বলে মন্তব্য করেন তিনি। সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর ছাত্র অধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন নূর।
তিনি বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে অবতার ভেবে দেশের জনগণ ভাগ্য সপে দিয়েছিল। কিন্তু তিনি একদলীয় শাসন, ফ্যাসিবাদ ও বাকশাল কায়েম করেছিলেন। তাঁর মেয়ে শেখ হাসিনা গত ১৬ বছরে ভারতীয় তাবেদারি নীতি মেনে দেশকে নরকে পরিণত করেছেন।
এসময় নূর সতর্ক করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও নির্মম পরিণতি অপেক্ষা করছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে নূর জানান, এটি কোনো রাজনৈতিক দলের ডাকে হয়নি; বরং জনগণ, ছাত্র, যুব ও তরুণরা সময়ের প্রয়োজনে রাজপথে নেমেছিল। এর সূচনা হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে।
ভবিষ্যৎ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি জানিয়ে তিনি বলেন, উচ্চকক্ষে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে একটি কার্যকর সংসদ গড়ে উঠবে। জরিপের তথ্য তুলে ধরে নূর জানান, ৪৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি, বিএনপি-জামায়াত মিলেও সমর্থন পাচ্ছে মাত্র ২২ শতাংশ ভোটারের।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এখনই সুযোগ মানুষের মন জয় করার। পুরোনো পথে নয়, তরুণ নেতৃত্বে দেশ এগিয়ে নিতে পারলে জনগণ আমাদের গ্রহণ করবে।” সভায় গণঅধিকার পরিষনের রাজশাহী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল সভাপতিত্ব করেন।