রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে তারা হাসপাতালে গিয়ে আমিরে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এ সফরে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, খোঁজখবর নিতে এসে আন্তরিকতা প্রদর্শন করায় আমার বাংলাদেশ পার্টির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
এর আগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।
প্রসঙ্গত, গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি কেবিনে অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শে হাঁটাহাঁটি করছেন। সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হলেও সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জামায়াত আমির বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থতার পথে আছি। সকলের দোয়া ও ভালোবাসা আমার জন্য অনুপ্রেরণা।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসা শেষে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে কয়েকদিনের মধ্যে বাসায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এবি পার্টির নেতাদের এ সাক্ষাৎকে রাজনৈতিক সৌজন্য ও মানবিক দায়িত্বের উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও অসুস্থতার সময়ে নেতৃবৃন্দের এমন আন্তরিক খোঁজখবর নেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অনেকে।