হৃদযন্ত্রের বাইপাস সার্জারির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ফয়জুল করীম। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি হাসপাতালে উপস্থিত হয়ে জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে জানান, “ফয়জুল করীম হুজুর জামায়াত আমিরের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। পরে তিনি আমিরে জামায়াতের জন্য বিশেষ মোনাজাত করেন।”
উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সার্জারির পর থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।