বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, গত চারটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর জনগণের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
সবাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, তা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে।”
বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই আয়োজন ছিল ৫ আগস্ট আওয়ামী শাসনের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ২৮ দফা কর্মপরিকল্পনার বিষয়ে ডা. জাহিদ বলেন, “বিএনপির কিছু আপত্তি থাকলেও আমরা বৃহত্তর স্বার্থে এই ঘোষণাকে স্বাগত জানাই। এটি একটি ইতিবাচক পদক্ষেপ।
” তিনি আরও বলেন, দেশের সকল রাজনৈতিক শক্তিকে এখন রাজপথে জনগণের সামনে এসে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। “বিএনপির ৩১ দফা কর্মসূচি আছে, আপনারাও আপনাদের কর্মসূচি দিন। জনগণের সামনে আসুন, দেখুন তারা কাকে বেছে নেয়,”—বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে নগরীর প্রধান সড়কগুলোতে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়, যাতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
এই সমাবেশে বিএনপি নেতারা বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জনগণের রায় প্রতিষ্ঠার আহ্বান জানান।