বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান বিজয় ও পরিবর্তনের যে স্বাদ আমরা উপভোগ করছি, তা শুধুমাত্র ৩৬ দিনের জুলাই আন্দোলনের নয়, বরং এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও প্রত্যয়ের ফল।
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শুরুর আগে বক্তব্য রাখেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “আমাদের এই সফলতা হঠাৎ আসেনি। দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা রক্ত দিয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন। আমরা যারা আজ রাস্তায় দাঁড়িয়ে বিজয় উদযাপন করছি, তাদের মনে রাখতে হবে—এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে এসেছি আমরা।”
তিনি আরও বলেন, “অনেকে ১/১১-এর পদধ্বনি শুনছেন, কেউ কেউ ঘোষণাপত্রকে ঘিরে বিতর্ক তুলছেন। কিন্তু দলের পক্ষ থেকে আমরা এই ঘোষণাকে ইতিবাচকভাবে নিয়েছি। আমিও একে স্বাগত জানাই।”
তবে ঘোষণাপত্রে একটি বিষয়ে আক্ষেপ করে মির্জা আব্বাস বলেন, “২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা ঘোষণাপত্রে বলা হয়েছে, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটিও রাখা হয়নি। এটা ইতিহাসের প্রতি অবিচার।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ষড়যন্ত্র চলছেই, চলবে—কিন্তু আমরা যদি বিশ্বাস করি এই দেশটি শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তাহলে আমাদের লড়াই চলবে আরও দৃঢ়ভাবে।”
র্যালিতে দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। মুখে ছিল বিজয়ের হাসি, হাতে ছিল জাতীয় পতাকা ও ব্যানার। মির্জা আব্বাসের বক্তব্যে ফুটে উঠেছে—বিএনপি এই বিজয়কে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের প্রতীক হিসেবে দেখছে, আর সামনের দিনে আরও বৃহৎ দায়িত্ব নিতে প্রস্তুত।