জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম প্রত্যাশা দীপ্ত দৃঢ় অঙ্গীকার থাকবে জুলাই ঘোষণাপত্রে। কিন্তু সেটি পাইনি। শেষের দিকে এসে মনে হয়েছে, যেন শেষ হয়েও হইল না শেষ।”
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ওই অনুষ্ঠানে সরকারপ্রদত্ত আমন্ত্রণে এবি পার্টির একটি প্রতিনিধি দল মঞ্জুর নেতৃত্বে উপস্থিত ছিল।
ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন, “আমরা দ্বিতীয় রিপাবলিক চাই, যা এই ঘোষণাপত্রে আসবে বলে আশা করেছিলাম। আরও অনেক বিষয় ছিল যেগুলো আমরা চাইছিলাম—সেগুলো ঘোষণাপত্রে অনুপস্থিত।
সবচেয়ে বড় কথা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার—এই তিনটি মূলনীতি আমরা স্বাধীনতার প্রথম ঘোষণাপত্রে পেয়েছিলাম। এবারও আমরা চেয়েছিলাম, এমন দৃঢ় অঙ্গীকার উচ্চারিত হোক।”
তিনি আরও বলেন, “ঘোষণাপত্রে ইতিহাসের বিস্তারিত অংশ ছিল, কিন্তু ভবিষ্যতের জন্য জোরালো ঘোষণা ও স্পষ্ট অঙ্গীকারের ঘাটতি ছিল। তাই কিছুটা অপূর্ণতা থেকে গেল। এরপরও আমরা এটিকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ মনে করি।”
মঞ্জু আশা প্রকাশ করেন, “এই ঘোষণাপত্র নতুন প্রজন্মকে জাগ্রত করবে। এটি দেশের ইতিহাসে একটি বড় ঘটনা। জনগণকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই, যারা এই পরিবর্তনের অংশ হয়েছেন।”
ঘোষণাপত্র নিয়ে ভিন্নমত প্রকাশ করলেও মঞ্জু এটিকে ‘ইতিহাস সৃষ্টিকারী একটি ইভেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।