জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
নিবন্ধন চাওয়া নতুন ১৪৪ রাজনৈতিক দলের জন্য শর্ত পূরণের সময়সীমা আজ বিকেল ৫টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২২ জুন পর্যন্ত মোট ১৪৭টি আবেদন জমা পড়লেও প্রাথমিক বাছাইয়ে কোনো দলই পূর্ণ শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে এনসিপিসহ সব দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছিল, যা আজ শেষ হবে।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে একটি দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে। এর পাশাপাশি পূর্বে সংসদ সদস্য থাকা বা পূর্বের নির্বাচনে অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়া নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। প্রাথমিক বাছাইয়ের সময় এসব শর্ত ও নথিপত্রের বৈধতা খুঁটিয়ে দেখা হয়।
নিবন্ধন প্রক্রিয়ার ধাপে কমিশন প্রথমে আবেদনগুলোর প্রাথমিক যাচাই করে এবং সরেজমিন তদন্ত শেষে দাবী ও আপত্তি শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। নিবন্ধন সনদ ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে পারে না।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের আদেশে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপার নিবন্ধন বাতিল করা হয়। সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ও জাগপার নিবন্ধন পুনর্বহাল হলেও ইসি কেবল জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন দিয়েছে।