বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তারাই প্রকৃতপক্ষে স্বাধীনতারও শত্রু।
তিনি বলেন, কোনো বিদেশি তন্ত্রমন্ত্র বা গঠনতন্ত্র নয়, বরং আল্লাহর প্রদত্ত খেলাফত ব্যবস্থার মাধ্যমেই বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক। সভার মূল প্রতিপাদ্য ছিল—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবি।
মামুনুল হক আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, প্রয়োজনে আবার জীবন দিয়ে তা রক্ষা করবো। বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনা রাষ্ট্র থেকে ইসলামকে মাইনাস করতে গিয়ে নিজেই জনগণের বিশ্বাস থেকে মাইনাস হয়ে গেছেন। যারা ভবিষ্যতেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, তারাও জনরোষে মাইনাস হবে।”
জনসভায় দলটির চাঁদপুর-১ কচুয়া আসনের প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানী। অনুষ্ঠান পরিচালনা করেন কচুয়া পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় উত্সাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়, যা খেলাফতের আদর্শে গণজোয়ার সৃষ্টির প্রত্যাশা জাগিয়ে তোলে।