রাষ্ট্র সংস্কারের ঘোষিত ১৯ দফা পরিকল্পনার ১০টির ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই পরিস্থিতিতে প্রকৃত সংস্কার কার্যক্রম আদৌ সম্ভব কিনা—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি জাতীয় দৈনিকের আয়োজনে ‘সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে মান্না বলেন, “এক বছরে অন্তর্বর্তী সরকার একটি সংস্কারও বাস্তবায়ন করতে পারেনি। শুধু কাগজে-কলমে পরিকল্পনা থাকলেই তো হবে না, বাস্তবায়ন দরকার।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে ১০টি বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো—যখন রাজনৈতিক ঐকমত্য নেই, তখন এই সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে?”
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে মান্না বলেন, “এ সরকারকে মানুষ শুরুতে আশা নিয়ে দেখছিল, কিন্তু এক বছরেও তারা কার্যকর কিছু দেখাতে পারেনি। আমি বাজি ধরে বলতে পারি, আগামী ছয় মাসেও পারবে না।”
তিনি আমলাতন্ত্রের রাজনৈতিক কার্যক্রম নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডিসিরা এখন মিছিল করছে, সচিবালয় যেন মধুর ক্যান্টিনে পরিণত হয়েছে। আমলারা যখন রাজনৈতিক ভূমিকা নেয়, তখন প্রশাসনিক ভারসাম্য নষ্ট হয়ে যায়।”
মান্না দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না। তাই দেরি না করে নির্বাচন দিন, জনগণ সিদ্ধান্ত নিক।”
আলোচনায় অন্য বক্তারাও সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার অসম্ভব বলে মন্তব্য করেন।