বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অপারেশন শুরু হয়ে টানা ৫ ঘণ্টা ৫ মিনিটের পর দুপুর ১২টার মধ্যে সার্জারি শেষ হয়। দলের পক্ষ থেকে চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,
“রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম অস্ত্রোপচার পরিচালনা করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
“ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা বড় কোনো জটিলতা না পেলেও পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় হৃদপিণ্ডে একাধিক ব্লক ধরা পড়ে। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নিলেও পুনরায় অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন এবং অবশেষে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।