২০২৪ সালের ৪ আগস্ট রাতে আন্দোলনের প্ল্যানিং মিটিংয়ে বসেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এবং গণভবন দখলের পরিকল্পনা চূড়ান্ত করেন ছাত্রশিবির নেতা সিবগাতুল্লাহ। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক কেফায়েত শাকিল।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কেফায়েত শাকিল জানান, জুলাইজুড়ে একটি তরুণ সাংবাদিকদের গ্রুপের সঙ্গে আন্দোলনের প্ল্যানারদের প্রতিদিন বৈঠক হতো। সেখানে পালা করে অংশ নিতেন বিভিন্ন সমন্বয়ক। ২ আগস্টের বৈঠকে সিবগাতুল্লাহ বলেছিলেন, “এই সপ্তাহেই সরকার পতনের সম্ভাবনা রয়েছে। মিডিয়ার সাপোর্ট পেলে সফলতা সহজ হবে।”
কিন্তু ৪ আগস্ট রাতের বৈঠকে তিনি সরাসরি বলেন, “কালই আমরা হাসিনাকে সরিয়ে দেব। আমাদের সব প্ল্যান প্রস্তুত। গণভবন দখলের জন্য লোক সেট করা আছে। মৃত্যু হলেও পিছপা হব না।”
সাংবাদিক কেফায়েত আরও জানান, তখন তিনি সিবগাতুল্লাহর রাজনৈতিক পরিচয় জানতেন না। কিন্তু তার নেতৃত্ব, গতি ও দৃঢ়তা দেখে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন। তিনি লেখেন, “সেই রাত থেকেই আমি বিজয়ের গন্ধ পেতে শুরু করি।”
এর আগেও একটি পোস্টে কেফায়েত দাবি করেছিলেন, ১৯ জুলাই ছাত্রশিবিরের নেতাকর্মীরাই ৯ দফা ঘোষণা দিয়ে মূল আন্দোলনের নিয়ন্ত্রণ নেয়। যদিও সেদিন নাহিদ, হাসনাত ও সারজিস সরকারঘনিষ্ঠ অবস্থানে ছিলেন এবং কোনো কর্মসূচি না রাখার কথা বলেছিলেন।
এই ঘটনাগুলো সামনে আসার পর ‘জুলাই আন্দোলনের নিয়ন্ত্রণ কার হাতে ছিল’—তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।