জামায়াতে ইসলামী ইসলামের নামে সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে মিয়াবাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাহের সুমন বলেন, “জামায়াতে ইসলামী কখনো এ দেশের স্বাধীনতা চায়নি। তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং একুশে ফেব্রুয়ারির মতো জাতীয় দিবসগুলো পালন করে না। যারা এখনো স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।”
তিনি আরও বলেন, “জামায়াতের লোকজন গ্রামে মহিলাদের কাছে গিয়ে বলে, তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। অথচ জান্নাতে কে যাবে, তা একমাত্র আল্লাহই জানেন। এইভাবে ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে।”
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “গত ১৮ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। স্বৈরাচারী সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অথচ একটি মহল এই নির্বাচন ঠেকাতে চক্রান্তে লিপ্ত। আমাদের সবাইকে এই ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মো. মিয়া জোবায়ের। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা।