হৃদযন্ত্রের গুরুতর ব্লক ধরা পড়ায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চিকিৎসকদের পরামর্শে তার বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে। গত কয়েকদিন ধরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা তাকে অপারেশনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে শনিবার তার সার্জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি তিনি একটি রাজনৈতিক সমাবেশে বক্তৃতা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঞ্চে থাকা অবস্থায়ই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং পরে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রামে হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়লে চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।
তার চিকিৎসা বিদেশে করানোর প্রস্তাব এলে তিনি তা প্রত্যাখ্যান করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত জানান। চিকিৎসক দলেরও মতামত, বর্তমান পরিস্থিতিতে দেশে থেকেই সার্জারি সম্পন্ন করা সম্ভব।
ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে তিনি আমিরে জামায়াতের সঙ্গে একান্তে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আমিরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক সব পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন তিনি সার্জারির জন্য শারীরিকভাবে প্রস্তুত। তিনি জানান, দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে যেন অপারেশন সফলভাবে সম্পন্ন হয় এবং দ্রুত তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।