জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক গুরুতর ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম সম্পন্ন হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে করা এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি নয়, সরাসরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।”
তিনি জানান, শুরুতে তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু ডা. শফিকুর রহমান তা প্রত্যাখ্যান করে বলেছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে দলীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে।
ডা. শফিকুর রহমান ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।