৫ আগস্টের পর বিএনপির ভেতর দিয়ে চাঁদাবাজির সংস্কৃতি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি বলেছেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে এখন বিএনপি তরুণদের ওপর দোষ চাপাচ্ছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য একটি কার্যকর পদক্ষেপও নেয়নি। তাদের রাজনৈতিক ব্যয় ও অর্থায়নের উৎস সাধারণ মানুষের কাছে এখনও অজানা। রাজনৈতিক দলগুলোর চাঁদাবাজি নির্ভর অর্থনীতি ভেঙে না দিলে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এই সংস্কৃতি ভাঙতে হলে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, “আপনার দলের অভ্যন্তরীণ চাঁদাবাজি থামাতে এখনই পদক্ষেপ নিন। তরুণদের ঘাড়ে দোষ চাপিয়ে আপনি দায় এড়াতে পারবেন না।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এটি বাস্তবায়নের জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়, এর আইনি ভিত্তি তৈরি করতে হবে। গণপরিষদ, গণভোট অথবা এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার)-এর মাধ্যমে এই সনদকে সাংবিধানিক রূপ দিতে হবে, যেন পরবর্তী সরকার বাধ্য হয় তা বাস্তবায়নে।”
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশন নিয়োগের জন্য যেমন কমিটি গঠন হচ্ছে, ঠিক তেমনি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জন্যও স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতি থাকা দরকার। দলীয়করণ নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগই তরুণদের চাওয়া।
তিনি উচ্চকক্ষ বা দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়ে বলেন, “পার্লামেন্টারি রিভিউ চালু হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।”