বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সমর্থনে বিএনপি যদি আগামী নির্বাচনে জয়ী হয়, তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন—শহীদ পরিবারের পুনর্বাসন—তা বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন। ফখরুল বলেন, “যেসব শিশু তাদের অভিভাবক হারিয়েছে, তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “যদিও গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবুও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার সুযোগ রয়েছে। আমরা যদি সে দায়িত্ব না নেই, তাহলে সবাইকে একসঙ্গে দায় নিতে হবে।”
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “আমরা কাঠামোগত পরিবর্তন ও অর্থবহ সংস্কার চাই। তবে সেই সংস্কার যদি সাধারণ মানুষের কল্যাণে, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গঠনে সহায়ক না হয়, তাহলে তা অর্থহীন।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার শহীদ পরিবার কিংবা শিশুদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। গঠিত গুম কমিশনও নিখোঁজদের উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি।”