বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না করা হলে কোনো সংস্কারই টেকসই ফল দিতে পারে না। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর বহু মানুষ সুবিধাভোগী হয়েছে। কেউ মন্ত্রী হয়েছে, কেউ লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু যাঁরা আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন বা নিখোঁজ হয়েছেন, তাঁদের পাশে কেউ দাঁড়ায়নি।
তিনি বলেন, “সংস্কার তখনই কাজে আসবে যখন তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। শুধু কাগজে-কলমে সংস্কার করে জনগণের মৌলিক নিরাপত্তা নিশ্চিত না করলে তা অর্থহীন হয়ে পড়বে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা জানি না গুম হওয়া মানুষদের ফিরিয়ে আনতে পারব কি না। তবে তাঁদের পরিবারগুলোকে সহযোগিতা করার সুযোগ আমাদের রয়েছে। যদি তা না করি, তাহলে দায় সবার ওপর বর্তাবে।”
গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন উপস্থাপন করলেও এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়ার ক্ষেত্রে কোনো কার্যকর অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।