জুলাই পদযাত্রার ময়মনসিংহ পর্বে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এনসিপি কোনো চাঁদাবাজ, তেলবাজ কিংবা সেলফিবাজদের আশ্রয়স্থল নয়।” দলীয় ব্যানার ও নাম ব্যবহার করে যারা ব্যক্তিস্বার্থে চাঁদাবাজি বা তেলবাজিতে যুক্ত, তাদেরকে সোজা বার্তা দিয়ে তিনি বলেন—এনসিপিতে তাদের স্থান হবে না।
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এই বক্তব্য দেন।
বৃষ্টিস্নাত দুপুরেও শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে টাউন হল এলাকাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এর আগে শহীদ সাগর চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়, যা নগরীর গাঙ্গিনাপার, নতুন বাজার, টাউন হল মোড়সহ প্রধান সড়কগুলো অতিক্রম করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন—জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং ময়মনসিংহ জেলার স্থানীয় নেতৃবৃন্দ। শহীদ পরিবারের সদস্যরাও মঞ্চে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এনসিপি একটি আদর্শনির্ভর গণতান্ত্রিক দল, যেখানে সেবার রাজনীতি ও ন্যায়ভিত্তিক নেতৃত্বই মূল চালিকাশক্তি। তারা দলীয় শুদ্ধি অভিযান চালিয়ে সংগঠনকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর।
সমাবেশকে ঘিরে শহরজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিমও দায়িত্ব পালন করে।