জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশ নেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবলীগ থেকে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল, ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল এবং একই উপজেলার যুবলীগ সদস্য বাসেত আহমেদ।
গত শনিবার কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় এনসিপির আয়োজিত পথসভায় বক্তৃতা দেন গোলাম কবির শ্যামল। সেই সভায় উপস্থিত ছিলেন অন্য দুই নেতাও। তাদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দলের নজরে আসে।
পরে রোববার (২৭ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল ও মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে এনসিপির পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় গোলাম কবির শ্যামলের বক্তব্যের একটি ছবি ভাইরাল হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
জানা যায়, মৌলভীবাজারে পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জে পৌঁছান। প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে স্টেশন রোড হয়ে শেষ হয় পুরানথানা এলাকায়।
ওই পথসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাসির উদ্দীন পাটোয়ারীসহ অনেকে।