সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঘিরে সম্প্রতি যেসব অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বাবরকে “একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিক” হিসেবে অভিহিত করেন।
রাফি লিখেছেন, “বাবর সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, তা দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি যথাযথভাবে নির্দোষ প্রমাণিত হয়েছেন।” তিনি মনে করেন, অতীতে যিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তার বিরুদ্ধে পুরনো অভিযোগ নতুন করে সামনে আনা নৈতিক ও রাজনৈতিকভাবে অনুচিত।
তিনি আরও বলেন, “একজন নির্যাতিত ও মজলুম নেতার প্রতি পুনরায় এমন আচরণ অনভিপ্রেত। রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা জরুরি—তা না হলে গণতন্ত্রের পথ রুদ্ধ হবে।”
এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে আবারও লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নানা মত প্রকাশ পাচ্ছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিভাজনের সময় এমন স্ট্যাটাস দায়িত্বশীল অবস্থান থেকে সৎ মত প্রকাশের দৃষ্টান্ত।