নেত্রকোনা প্রতিনিধি :
বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মদন পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে বিএনপি নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। মিছিল শেষে উপজেলা পরিষদের মুক্তমঞ্চের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর একজন ত্যাগী ও কারা নির্যাতিত নেতা। তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন আইডল। তাঁকে নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী যে মন্তব্য করেছেন তা উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করতে হবে।
নাসির উদ্দিন পাটোয়ারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও ভারতের দালাল হিসেবে আবির্ভূত হয়েছেন। এনসিপি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। ভারতের দালালি করছে। তাদেরকে পুনর্বাসন করতে চাইলে বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে।
এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি। তিনি কারা নির্যাতিত নেতা। কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতা এসেছিল।
গত ১৫ বছরে বিএনপির কর্মী নির্যাতিত হয়েছিল, আমার ভাইদের ওপর নির্যাতন চালিয়েছিল, গুলি চালিয়েছিল এর জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন।