জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের দল নয়—স্পষ্ট ভাষায় জানালেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন,
“এনসিপি এসেছে সংকট থেকে, সমস্যা সমাধান করেই উঠে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করেই উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে।”
২৫ জুলাই সিলেট শহীদ মিনারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা সরাসরি জনতার হাতে তুলে দেওয়া হবে। আমাদের সংকট এখনো শেষ হয়নি, সামনে আরও লড়াই অপেক্ষা করছে। ঐক্যবদ্ধ থাকুন।”
আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে তিনি বলেন,
“ইতোমধ্যে আওয়ামী লীগের এক পক্ষ সুবিধা নিয়ে লেখক হয়েছে, সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে, মিডিয়া খুলেছে। তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগ আবার কোনোভাবে সমাজে ফিরতে পারবে না, কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মুজিববাদের পুনরুত্থান প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন,
“নতুন করে আবার মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদের বাংলা ছাড়তে বলছে। আমরা বলি, চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তাদের বাপ-দাদার।”