গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের আগে কোনো নির্বাচন নয়— এমন অবস্থান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তার ভাষায়, “আগে ন্যায়বিচার, তারপর পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ইসলামী আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের মূল দাবি ছিল— গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে একটি নিরপেক্ষ নির্বাচন।
রেজাউল করিম বলেন, “৫ আগস্টের পর দেশের জনগণের মনে ইসলামের প্রতি যে হৃদ্যতা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। এজন্য ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে একটি জোট গঠনের চেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণকে প্রতারণা করেছে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস, গুম, খুন এবং স্বৈরাচার থেকে মুক্তি চায়।”
তিনি জোর দিয়ে বলেন, “এই দেশে আর কোনো স্বৈরাচার উৎপত্তি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন অবান্তর। আর যেই নির্বাচন হবে, তা হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে।”
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসানসহ ইসলামী যুব আন্দোলন ও ওলামা মাশায়েখ পরিষদের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতারা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।