জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আপনারা বিএনপি করেন, জামায়াত করেন—এতে কোনো সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্য আমরা মেনে নেবো না।” তিনি বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বুধবার (২৩ জুলাই) কুমিল্লার ঐতিহাসিক টাউন হলের মাঠে এনসিপির শোক পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ আলু পোড়া খেতে এসে লাশ গুমের গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে।” তিনি সরকারের কাছে দাবি জানান, “যেহেতু লাশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সঠিক তথ্য জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং বিমান দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা উচিত।”
এ সময় তিনি কুমিল্লার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বলেন, “কুমিল্লায় পরিকল্পিতভাবে মন্দিরে পবিত্র কোরআন রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল, নিজ যোগ্যতায় চাকরি পায়, কিন্তু বিগত সরকারের সময়ে তারা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সরকারকে বলবো, কুমিল্লার প্রতি নজর দিন। কুমিল্লার নামেই বিভাগ ঘোষণা দিতে হবে।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “অনেকে ভেবেছে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক মাজহারুল হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।