বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র উপায় হলো দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত সরকার গঠন করা। তিনি বলেন, “রাজনৈতিক সরকার ছাড়া এ সংকট আরও গভীর হবে।”
বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ফেব্রুয়ারি মাসকে লক্ষ্য করে সরকার এগিয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, “আমি তো দেখছি, এগুচ্ছে।” তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে তারা সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
“আমরা বলেছি, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং ঘোষণা দিয়ে সকল অস্পষ্টতা দূর করা জরুরি,”—বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ও বিএনপির মধ্যকার যোগাযোগ আরও ঘন ঘন হলে সমস্যাগুলো সহজেই সমাধান করা যেত বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া উত্তরা বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণহানি ঘটেছে। আমরা এটাকে দুর্ঘটনা হিসেবেই দেখছি। তবে মাইলস্টোন স্কুলের ঘটনা ও পরীক্ষা সংক্রান্ত জটিলতা দেখিয়ে দেয় প্রশাসনিক দুর্বলতা আছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র মানে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। প্রতিপক্ষকে ঘায়েল নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করাই হোক রাজনীতির মূলমন্ত্র।”
এসময় বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। ফখরুল জানান, বিএনপিসহ অন্যান্য দল মতামত দিয়েছে, আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।