স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমকে ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির ‘সবচেয়ে বড় উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৩ জুলাই) চাঁদপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
হাসনাত বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম কোনো কাজের না। তিনি কোনো দপ্তর বোঝেন না, চিকিৎসা বোঝেন না, এমনকি স্বাস্থ্যব্যবস্থার ইনস্ট্রুমেন্টাল জ্ঞানও তার নেই। শুধুমাত্র ড. ইউনূসের ঘনিষ্ঠ হওয়াটাই তার একমাত্র যোগ্যতা। এটা একটা ভয়াবহ স্বজনপ্রীতির নমুনা।”
তিনি ক্ষোভের সাথে বলেন, “এই উপদেষ্টার সরকারি গাড়ি, বেতন—সবই জনগণের টাকায় চলে। অথচ তিনি জনগণের জন্য কোনো কাজ করেন না। এমন বেতন নেয়া সম্পূর্ণ হারাম। দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তার কোনো অবদান নেই, বরং তিনি নিজেই চিকিৎসা নিতে সিঙ্গাপুর যান। এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় কি?”
হাসনাত দাবি করেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের কোনো সক্ষমতা বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র ঘনিষ্ঠতার কারণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যা নৈতিকতা ও রাষ্ট্রীয় নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
তিনি বলেন, “আমরা যখন এসব প্রশ্ন তুলি, তখন উনি আমাদের ওপর রাগ করেন, আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু আমরা প্রশ্ন তোলা থামাব না।”
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, “এই অনির্বাচিত, অদক্ষ স্বাস্থ্য উপদেষ্টার উচিত জনগণের টাকায় পাওয়া বেতন ফিরিয়ে দিয়ে অবিলম্বে পদত্যাগ করা।”