বিএনপির কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান বলেছেন, দেশের মানুষ আগামী নির্বাচনে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর এটাই একটি মহলের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই আতঙ্ক থেকেই একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে মনির খান বলেন, “আমাদের ভবিষ্যৎ নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন—এই চিন্তা তাদের ঘুম হারাম করে দিয়েছে। তাই নির্বাচনের মাঠে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তা বিদায়ী সরকারের বর্ধিত অংশ হিসেবে নতুন করে গড়ে তোলা পিচ্চি পোলাপানদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের অংশ। এসব ষড়যন্ত্র বিএনপি কোনোভাবেই মেনে নেবে না।”
শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার কথাও তুলে ধরেন মনির খান। বলেন, “আমাদের নেতা তারেক রহমান যদি শান্ত না থাকতে বলতেন, তাহলে ফিডার খাওয়া এই পিচ্চি পোলাপানদের কী পরিণতি হতো, তা একবার চিন্তা করে দেখুন। আমরা শান্ত আছি দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বান অনুযায়ী। তিনি বলেছেন—প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়।”
আন্দোলনের নামে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডেরও কড়া সমালোচনা করেন এই বিএনপি নেতা। বলেন, “কোটাভিত্তিক আন্দোলনের নামে যদি কেউ বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংসের পথ বেছে নেয়, তাহলে দেশের জনগণ তা কোনোদিন মেনে নেবে না।”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “তারেক রহমানই হবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী—এটাই সত্য, এটাই ভয়।”